বৃষ্টিতে হরিহর নদের উপচেপড়া পানি কেশবপুর পৌরসভার নিম্নাঞ্চলে উঠে এসেছে। পৌরসভার ১, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের অনেকের বাড়ির ভেতর পানি ঢুকে পড়ায় বিপদে পড়েছে মানুষজন। মধ্যকুল খানপাড়া ও ফিলিং স্টেশনের পাশের সড়ক তলিয়ে যাওয়ায় পানির মধ্যেই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। সরেজমিন ৭ নম্বর ওয়ার্ড মধ্যকুলের খানপাড়ার গৃহবধূ রাবেয়া খাতুন বলেন, বর্ষা মৌসুমের শুরুতেই তাদের এ অবস্থায় পড়তে হয়েছে। পুরো বর্ষাকালে বাড়ি ছাড়ার উপক্রম হবে। সাবেক ওয়ার্ড কাউন্সিলর আয়ুব খান বলেন, তাদের বাড়ির যাতায়াতের রাস্তাটিও পানিতে তলিয়ে গেছে। এলাকার একাধিক বাড়িতে নদের পানি উঠে এসেছে। হরিহর নদে বাঁধ দিয়ে খননকাজ করায় পানি প্রবাহে বাধাগ্রস্ত হয়ে তীরবর্তী এলাকায় উঠে আসছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সী আছাদুল্লাহ বলেন, হরিহর নদের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে খননের কাজ চলছে। যে কারণে নদের ও বৃষ্টির পানি এক হয়ে নদ তীরবর্তী কিছু এলাকা তলিয়ে গেছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত নদ খননের কাজ চলবে। বাঁধ অপসারণ করার পর কোনো সমস্যা থাকবে না।
