চট্টগ্রামের সাতকানিয়ায় আউশ ধান রোপণ কাজ শুরু হয়েছে। তবে মহামারি করোনার প্রভাবে এ বছর মাঠে শ্রমিকের অভাব বলে জানান কৃষকরা। এ কারণে কৃষক-কৃষানিরা এখন ব্যস্ত সময় পার করছেন।
সাতকানিয়া ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় আউশ রোপণের অর্জিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ১৫৫ হেক্টর। এর মধ্যে হাইব্রীড-৩০০ হেক্টর, রোপণ-৪৩০ হেক্টর ও উফশী-৭২৫ হেক্টর।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ধানি বিলে কৃষকদের মধ্যে কেউ আউশ ধান রোপণ করছেন, কেউ জমি তৈরি করছেন। উপজেলার সোনাকানিয়ার গারাংগিয়া গ্রামের আউশ চাষি মামুনুর রশিদ, হাতিয়ার কুলের কৃষক মোহাম্মদ ইউনুচ, মার্দাশা ইউনিয়নের কুতুবউদ্দিন জানান, এখনো অর্ধেক জমিতে আউশ ধান রোপণ করেছেন তারা। রূপকানিয়ার আউশ চাষি মোহাম্মদ জোবাইর জানান, মৌসুমের শুরুতেই বৃষ্টি, তাই এ বছর ফলন বেশি হতে পারে।
আউশ চাষি মোহাম্মদ ইউনুচ জানান, ধান রোপণ করার সময় মজুরি খরচ, সার, কীটনাশক, আগাছা পরিষ্কার ও ধান কাটাসহ খরচ হচ্ছে বেশি। করোনা রোগের কারণে আউশ রোপণ করতে কামলা পাচ্ছি না। খেতে সেচ নিয়ে চিন্তায় আছি।
সাতকানিয়া উপজেলার কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, এখন উপজেলার আউশ চাষিরা পুরোদমে আউশ ধান রোপণ করা শুরু করেছেন। তিনি আরো জানান, এবছর আগে থেকে যেহারে কৃষকরা আউশ ধান রোপণ করতে শুরু করেছেন সে হিসেবে আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা বেশি। ধানের বাজারদর বেশি হওয়া ও করোনার কারণে যেন কৃষকদের খাদ্য সংকট না হয় সে জন্য কৃষকরা আউশ চাষকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
