চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার মানববন্ধন করেছে রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিক হাজিরা ভিত্তিক অস্থায়ী কর্মচারীরা। রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা।
কর্মচারীরা জানান, দীর্ঘ ২০ থেকে ২২ বছর যাবত্ রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরত রয়েছেন। কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণ না করায় হাইকোর্টের আশ্রয় গ্রহণ করেন। আদালত ৯০ দিনের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণের নির্দেশ দেন। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ ৯০ দিনের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণ না করলে কোর্ট অবমাননার দায়ে কনটেমপ অব কোর্ট হয়। পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ আপিল করলে সুপ্রিম কোর্ট তাদের চাকরি বয়সসীমা শিথিল করে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগের আদেশ দেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের চাকরি নিয়মিতকরণ করেনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিক হাজিরা ভিত্তিক অস্থায়ী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকুল শেখ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন এবং মামলার বাদী আল-মামুনসহ বোর্ডের ৬২ অস্থায়ী কর্মচারী।
