পঞ্চগড়ে বিনা মূল্যে কোভিড-১৯ পরীক্ষাসহ মেডিক্যাল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ বীর ব্যাটালিয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়ন বৃহস্পতিবার পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে এই মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণসামগ্রী বিতরণ করে। এ সময় সেনাবাহিনীর লে. কর্নেল হাসমতউল্লাহ খান, লে. কর্নেল আলিফা, লে.কর্নেল জাহাঙ্গীর, ক্যাপ্টেন সামী, ক্যাপ্টেন মুশফিকাসহ বিশেষজ্ঞ চিকিত্সক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সকরা গর্ভবতী নারী, শিশুসহ ২৫৬ জন রোগীকে চিকিত্সাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করে। করোনা ভাইরাসের উপসর্গবহনকারীদের কোভিড-১৯-এর টেস্ট করা হয়। টেস্টের ফলাফল এক দিন পর সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
