নীলফামারীর সৈয়দপুরে পিসিআর ল্যাব ও করোনার বেশি বেশি নমুনা সংগ্রহের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে স্বেচ্ছাসেবী সংগঠন পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাব। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের গ্রুপ লিডার স্কাউটার নজরুল ইসলাম বুলবুল, সহসভাপতি মাসুদ রানা খান, সাধারণ সম্পাদক এস কে কাইয়ুম প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, পিসিআর ল্যাব স্থাপিত হলে এ অঞ্চলের আট জেলার মানুষ উপকৃত হবেন। এরই মধ্যে নীলফামারী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। অথচ এ জনপদে কোনো পিসিআর ল্যাব নেই। অবিলম্বে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে ল্যাব স্থাপনের দাবি জানান বক্তারা। পরে দাবির সপক্ষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদকে প্রদান করা হয়।
