রাজশাহী শহরে দিনদুপুরে ৩৩ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪৩

রাজশাহী শহরে প্রকাশ্যে দিনদুপুরে ব্যবসায়ীর ৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে শহরের বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড়ে মোবাইল শোরুম ভিভোর কর্মচারীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভিভোর শোরুমের মালিক অঞ্জন কুমার রায় বলেন, তার দুই কর্মচারী ফায়সাল ও সোহেল দুই ব্যাগে ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা নিয়ে ডাচ্ বাংলা ব্যাংকে যাচ্ছিল। ফায়সালের কাছে যে ব্যাগ ছিল তাতে ৩৩ লাখ ও সোহেলের কাছের ব্যাগে ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা ছিল। তারা দুই জনে রাস্তার পাশ দিয়ে শোরুম থেকে ১০০ গজ দূরের ব্যাংকে যাচ্ছিল। তিনি আরো বলেন, তারা শোরুম থেকে বেরিয়ে ২০ গজ দূরে রেমন্ড শোরুমের সামনে যাওয়া মাত্র দুই মোটরসাইকেল আরোহী ফায়সালের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানান, সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়াও ঐ দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে শোরুমের কর্মচারী কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।