কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে পাটসহ বিভিন্ন ফসল

আপডেট : ১৮ জুন ২০২০, ২১:৪৪

উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ধরলা নদীর পানি গত দুই দিনে অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধশত চরের কাঁচা সড়ক ডুবে গেছে। নিমজ্জিত হয়েছে পাট, ভুট্টা, সবজিখেত ও বীজতলাসহ বিভিন্ন ফসল। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কামারপাড়ায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হওয়ায় গত ২৪ ঘণ্টায় ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এই ধারা অব্যাহত থাকতে পারে। চলতি মাসের শেষের দিকে ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীর পানি বিপত্সীমা অতিক্রম করতে পারে।