ব্যাংকগুলোর দাবির মুখে অফশোর ব্যাংকিং নীতিমালায় ব্যাপক শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। যদিও বিদ্যমান নীতিমালার আলোকে এসএলআর (সংবিধিবদ্ধ জমা হার) রাখতে হবে।
শর্ত শিথিল করে মাত্র ২ শতাংশ সিআরআর (নগদ জমা হার) সংরক্ষণ করতে বলা হয়েছে। সাধারণভাবে যেখানে রাখতে হয় সাড়ে ৪ শতাংশ। আর অভ্যন্তরীণ উত্স থেকে একটি ব্যাংকের মূলধনের ২০ শতাংশের পরিবর্তে এখন থেকে ৩০ শতাংশ পর্যন্ত তহবিল সংগ্রহ করা যাবে।
আরো বেশকিছু সংশোধনী এনে গতকাল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, সিআরআর সংক্রান্ত নীতিমালা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। অন্য সব নির্দেশনা সার্কুলার জারির দিন থেকে কার্যকর হবে। বাংলাদেশি শিল্পোদ্যোক্তা মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার আগে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অনুমোদন নেওয়ার শর্ত তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ঋণ দেওয়ার পর বৈদেশিক মুদ্রানীতি বিভাগকে অবহিত করতে হবে।
