রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীপ্রধান

দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করতে হবে

আপডেট : ১৮ জুন ২০২০, ২২:২৬

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৫৩তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এটি অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, মাতৃভূমিকে ভালোবেসে নিঃস্বার্থভাবে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার্থে তোমরা কাজ করে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করবে। এটাই আমার প্রত্যাশা।  এ কুচকাওয়াজের মাধ্যমে ৭৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৫৩ বিএমএ স্পেশাল কোর্সের ২৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ২৩১ পুরুষ ও ২৪ মহিলা অফিসার রয়েছেন।  যারা সেনাবাহিনীর চলমান অপারেশন কোভিড শিল্ড-এ উল্লেখযোগ্য অবদান রাখবে। এছাড়া ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ ৭৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়া, কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মাসরুফ হাসান নাঈম সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনীপ্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পরে ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এবং পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।