করোনা ভাইরাসের বিস্তার মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা যুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীতে আক্রান্তের সংখ্যা ৫০০ অতিক্রম করল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরো ৪৯ জন আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনা ভাইরাসে এ বাহিনীর সর্বমোট ৫৩২ জন সদস্য আক্রান্ত হলেন।
আনসার বাহিনীর সূত্র জানায়, ৫৩২ জন আক্রান্তের মধ্যে রয়েছেন ছয় জন কর্মকর্তা, ব্যাটালিয়ন আনসার ১৬৩ জন, সাধারণ আনসার ৩৪৭ জন, কর্মচারী দুই জন, মহিলা আনসার তিন জন, ভিডিপি সদস্য দুই জন, বিশেষ আনসার তিন জন, হিল আনসার চার জন, উপজেলা প্রশিক্ষক এক জন এবং উপজেলা প্রশিক্ষিকা এক জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন।
এ পর্যন্ত বাহিনীর কর্মকর্তাসহ মোট ৩১৪ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৯ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা দুই জন, ব্যাটালিয়ন আনসার ৯০ জন, সাধারণ আনসার ২১৩ জন, কর্মচারী দুই জন, মহিলা আনসার দুই জন, ভিডিপি সদস্য এক জন, বিশেষ আনসার তিন জন এবং উপজেলা আনসার কমান্ডার এক জন। আক্রান্তদের মধ্যে চিকিত্সায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। এ বাহিনীর বিভিন্ন থানা/ ক্যাম্প/ হোটেল/হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৯ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ১১৬ জন সদস্য।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, বাহিনীর আক্রান্ত সদস্যদের চিকিত্সার ব্যাপারে সর্বক্ষণ খোঁজখবর রাখছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। আক্রান্ত সদস্যরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেসব বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক।
