খুলনায় রোগীর আত্মীয়স্বজনদের হামলায় এক চিকিত্সকের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ রেখেছেন চিকিত্সকরা। বিএমএ, চট্টগ্রামের আহ্বানে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়। বিএমএ, চট্টগ্রাম সভাপতি মুজিবুল হক খান এ তথ্য নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, করোনা পরিস্থিতিতে আমরাই প্রথম চট্টগ্রাম থেকে এই সেবা চালু করেছিলাম। পরে সারাদেশের চিকিত্সকরা তা অনুসরণ করেছেন। তবে খুলনায় আমাদের একজন সহকর্মীকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে তার প্রতীকী প্রতিবাদ স্বরূপ আমরা আপাতত এই সেবা বন্ধ রাখতে চট্টগ্রামের চিকিত্সকদের অনুরোধ করেছি। অবশ্য এরই মধ্যে খুলনায় ডা. রকিব হত্যায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা চিকিত্সকদের জন্য সুখবর। তাই টেলিমেডিসিন সেবা যাতে আবার চালু করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। ডা. মুজিবুল হক বলেন, করোনা পরিস্থিতিতে সারাদেশে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে রোগীর সেবা করে যাচ্ছেন। সারাদেশে চিকিত্সকরা মারা যাচ্ছে। এর মধ্যে এ ধরনের ঘটনায় ডাক্তারদের মনোবল ভেঙে যাবে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরুর পর চট্টগ্রাম বিএমএর উদ্যোগে গত ২৫ মার্চ থেকে রোগীদের টেলিফোনে টেলিমেডিসিন সেবা দেওয়া শুরু হয়। দৈনিক গড়ে প্রায় ১ হাজার রোগীকে এই সেবা দেওয়া হয়েছে বলে ডা. মুজিবুল হক খান জানান।
