চান্দিনায় প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। এদের মধ্যে সফিকুল ইসলাম (৪৫) বুধবার ভোরে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামের মৃত আলী মিয়ার পাঁচ ছেলে এবং পার্শ্ববর্তী আব্দুল হাকিমের চার ছেলের মধ্যে দীর্ঘদিন যাবত্ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মৃত আলী মিয়ার ছেলে তৌফিক ওই জমির একটি গাছের ডালা কাটতে গেলে বাধা দেয় আব্দুল হাকিমের ছেলেরা। এতেই দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আব্দুল হাকিমের ছেলে ও পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মৃত আলী মিয়ার পরিবারের উপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হয় সফিক, তৌমিক, ফারুক ও তার স্ত্রী লিলি বেগম। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, সফিকুল ইসলামের বড় ভাই মমতাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।