সাবেক জেলার সোহেল রানার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

আপডেট : ১৯ জুন ২০২০, ০০:২৭

মানি লন্ডারিং আইনের মামলায় চট্টগ্রাম কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসকে পাসপোর্ট জমা রাখার শর্তে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদন করা হয়েছে বলে জানান দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এর আগে গত মঙ্গলবার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মানি লন্ডারিং আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত সোহেল রানার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের এক বগি থেকে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানাকে একটি ব্যাগসহ গ্রেফতার করা হয়। তার ব্যাগ থেকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি ব্যাংক এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মানি লন্ডারিং ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে রেলওয়ে পুলিশ। সোহেল রানা বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে বন্দি।