রেড জোন ধামরাইয়ে কাল থেকে এলাকাভিত্তিক লকডাউন

আপডেট : ১৯ জুন ২০২০, ০০:৩৩

করোনার প্রাদুর্ভাব বিবেচনায় রাজধানীর উপকণ্ঠের উপজেলা ধামরাই এখন রেড জোনে। সে কারণে শিগিগরই ধামরাই পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু এলাকা লকডাউনের আওতায় যাচ্ছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক জানান, পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামীকাল শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে তিনি জানান। তিনি আরো জানান, যথাযথভাবে লকডাউন কার্যকর করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বিভাগ নিয়োজিত থাকবে। জনস্বার্থে লকডাউন বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, গত ১৩ জুন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ২৯১ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট সাত জন। সুস্থ হয়েছেন ৫১ জন। তবে ১৩ জুন থেকে গতকাল বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন কোনো রিপোর্ট পাওয়া যায়নি।