সাঁথিয়ায় কর্ম হারিয়ে যুবকের ‘আত্মহত্যা’

আপডেট : ১৯ জুন ২০২০, ১৪:২৬

পাবনার সাঁথিয়ায় কর্মহীন হতাশাগ্রস্ত যুবক এনামুল হক সুইট গলায় ফাঁস নিয়ে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। উচ্চশিক্ষিত যুবকের কর্ম না থাকায় পরিবারের সদস্য ও স্ত্রীর সাথে সম্পর্ক ভালো ছিলো না। ব্যক্তিগত ফেসবুক আইডিতে পারিবারিক ভালোবাসার অভাব ও হতাশাগ্রস্ত লেখা পোস্ট করতেন প্রায়ই। এনামুল উপজেলার আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য আতাউর রহমানের ছেলে। 

 

এলাকা সূত্রে জানা যায়, এনামুল হক সুইট পাবনা সরকারী এ্যাডওয়ার্ড কলেজ থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স শেষ করে প্রথমে বনগ্রাম হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেনে। পরে স্ত্রীসহ ঢাকায় একটি হাসপাতালে চাকরি নেন। করোনা কালে চাকরি না থাকায় বাড়িতে চলে আসেন। তার স্ত্রী পাবনা সদর হাসপাতালে সেবিকার চাকরিতে যোগদান করেন। 

 

এনামুল তার ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হতাশার কথা পোস্ট করেছেন। তিনি একটি পোস্টে লেখেন- যদি আমি হারিয়ে যাই দূরের দেশে......। নাম না জানা পথের শেষে, খুব বেশি সময় নিবে কি আমায় ভূলে যেতে? জানি ভূলে যাবে অচেনা ভেবে।

 

তিনি আর লেখেন, আমরা প্রতিদিন কোনো না কোনো লক্ষ্যের পিছনে ছুটছি....। আর সেই লক্ষ্য পূরণের কিছু আগে জীবন আমাদের ছুটি দিচ্ছে।
 

অনেকেরই ধারনা এনামুল ভালো কর্ম না পাওয়ায় তার পারিবারিক জীবন ভালো যাচ্ছিল না। কর্মহারিয়ে তিনি হতাশাগ্রস্ত হয়ে ‘আত্মহত্যা’ করেছেন। আতাইকুলা থানার এস আই সুভাশ চন্দ্র জানান, লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/এএম