করোনা রোগীর মৃত্যু সরাসরি দেখিয়ে বিতর্কের মুখে পড়েছে বলিভিয়ার একটি টেলিভিশন চ্যানেল। যেখানে দেখা যায়, শেষ মুহূর্তে চিকিৎসকরা মিলে ওই রোগীকে বাঁচানোর চেষ্টা করছেন।
জানা গেছে, বলিভিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে 'নো লাইস' নামক অনুষ্ঠানটি প্রতিরাতেই প্রচারিত হয়। এই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে অবহেলার চিত্র তুলে ধরার জন্য করোনা রোগীদের মৃত্যু দেখানো হয়।
এই বিষয়ে সরকারের দুর্নীতি তদন্তের কাজে নিয়োজিত কর্মকর্তা নাদিয়া ক্রুজ বলেন, এটি জাতীয় আইনে যে সব নির্দেশনা দেয়া হয়েছে সেটির পরিপন্থী। সংবেদনবাদ থেকেই ওই টিভি চ্যানেল এমন কাজ করেছে। এই বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন নাদিয়া ক্রুজ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে বলিভিয়ার এল ডেবের ডে সান্তা ক্রুজ পত্রিকার সাংবাদিক মারিয়া ত্রিগো টুইট বার্তায় বলেন, কত সম্মানহীন একটি মৃত্যু। আমরা এই ভাইরাসের কারণে সহানুভূতিসহ অনেক কিছু হারিয়েছি। তবে এই বিষয়ে বলিভিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
ইত্তেফাক/এআর
