গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধে নিহত এক

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৪১

গলাচিপায় মঙ্গলবার জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত রেজাউল খান উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের উত্তর পাতাবুনিয়া গ্রামের ইদ্রিছ খানের ছেলে। আহত হয়েছেন নিহতের ছোট ভাই মো. জসিম খান। রেজাউল খান ছিলেন ছোনখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পাতা বুনিয়া গ্রামের আলম ব্রিজের উপরে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ একই এলাকার শাহ আলম খান ও তার ছেলে শাহিনসহ ১০/১২ জন কাঠের গুঁড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রেজাউল খান ও তার ভাই জসিম খানকে আহত করে। আহতদের চিত্কারে এলাকাবাসী আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা রেজাউল ও জসিম খানকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিত্সার জন্য রেজাউলকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে রেজাউল খানের মৃত্যু হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।