করোনার সংক্রমণ এড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শ্রীমঙ্গল অঞ্চলের আওতাধীন বড়লেখা এলাকা করোনা নিয়ে মানুষকে সচেতন করতে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর শহরে প্রচারপত্র বিলি করা হয়েছে। শুক্রবার ব্র্যাকের বড়লেখা এলাকার উদ্যোগে এগুলো বিলি করা হয়।
এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, মধ্য বাজার, সাতকরাকান্দি রোড ও স্টেশন রোড এলাকায় ব্যবসায়ী, গাড়ি চালক ও বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস নিয়ে জনসচেতনাতার প্রচারপত্র বিলি করা হয়।
প্রচারপত্র বিলির সময় ব্র্যাকের বড়লেখা এলাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. মাহমুদুল হাসান, বড়লেখা শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুল মান্নান, কর্মসূচি সংগঠক (দাবি) মো. দেলোয়ার করিম, ক্রেডিট কর্মকর্তা (প্রগতি) শিবনাথ চক্রবর্ত্তী, কর্মসূচি সংগঠক (দাবি) অনিক রঞ্জন তালুকদার ও কর্মসূচি সংগঠক (দাবি) মো. রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনার নমুনা সংগ্রহকারী দলের ওপর হামলা
সংস্থাটি করোনা সংক্রমণের শুরু থেকে উপজেলা ব্যাপী জনসাধারণকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে। কার্যক্রমের মধ্যে রয়েছে সাধারণ মানুষ এবং গ্রাহকদের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে প্রচারপত্র বিতরণ, মাইকিং, জনবহুল স্থানে ব্যানার টানানো, ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল চিহ্ন একে দেওয়া ও বিভিন্ন মুদি দোকান ও ফার্মেসীর সামনে বিনামূল্যে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা। বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ প্রদান। অন্যান্য কার্যক্রমের মধ্যে আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণ। কাজগুলো চলমান রয়েছে। এসব কাজ তদারকি করেন ব্র্যাকের বড়লেখা এলাকার দায়িত্বে থাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী ও এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. মাহমুদুল হাসান।
ইত্তেফাক/এসি
