টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাঁচপোটল ডিগ্রি কলেজে টেস্ট পরীক্ষায় অংশ না নেওয়া কয়েকজন অনিয়মিত ছাত্রকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ না করানোর অভিযোগে হামলার শিকার হয়েছেন দুই সহকারী অধ্যাপক। তারা হলেন ইতিহাস বিভাগের আব্দুল হামিদ এবং রসায়ন বিভাগের মেজবাহ উদ্দীন। বুধবার এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষক-কর্মচারীরা জানান, পাঁচদিন আগে শেষ হওয়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ চলাকালে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেননি এমন কয়েকজন অনিয়মিত ছাত্রকে বিনা টাকায় ফরম পূরণের জন্য চাপ দেয় কয়েকজন সন্ত্রাসী। কিন্তু বোর্ডের নিয়মানুযায়ী তাদের ফরম পূরণের সুযোগ না থাকায় অবৈধ অনুরোধ রক্ষা করতে পারেননি ওই দুই সহকারী অধ্যাপক। এতে ক্ষুব্ধ হয়ে ৮/১০জন সন্ত্রাসী কলেজে দুই শিক্ষকের ওপর হামলা চালিয়ে ক্লাস থেকে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে বেদম পিটুনি দেয়। পরে ধনবাড়ী থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।
পাঁচপোটল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
