লিপু-আসলামের ‘সেরা’

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:১৮

আবাহনী ও জাতীয় দলের অধিনায়ক, ম্যানেজার ও বিশ্লেষক হিসেবে কম খেলোয়াড়কে দেখেননি গাজী আশরাফ হোসেন লিপু। এদের অনেকে আন্তর্জাতিকভাবে বিখ্যাতও হয়েছেন। কিন্তু লিপু বলছেন, তার চোখে বাংলাদেশে জন্মানো অন্যতম সেরা স্পিনার ছিলেন রামচাঁদ গোয়ালা। শুধু খেলোয়াড় রামচাঁদ নন, মানুষ হিসেবে তার মূল্যায়ন করতে গিয়ে তার দীর্ঘদিনের রুমমেট, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম বলছিলেন, সেরা একজন মানুষ ছিলেন তিনি।

লিপু প্রথম রামচাঁদকে দেখেন, নিজের কৈশোরে। তারপর আবাহনীতে তার অধিনায়কত্বে লম্বা সময় খেলেছেন এই স্পিনার। জাতীয় দলেও রামচাঁদ খেলেছেন লিপুর অধিনায়কত্বে। মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক লিপু বলছিলেন, ‘আবাহনীর অনেক অনেক কঠিন ম্যাচ বের করে আনার বড়ো ভরসা ছিলেন রামচাঁদ গোয়ালা। অসাধারণ বোলার ছিলেন। ফ্লাইট ছিল দারুণ, ভেরিয়েশন অনেক। আমি বলব, বাংলাদেশে জন্মানো অন্যতম সেরা স্পিনার ছিলেন গোয়ালাদা।’

মানুষ রামচাঁদ গোয়ালাকে কাছ থেকে দেখেছেন আসলাম। একই রুমে থেকেছেন লম্বা সময়। তিনি বলছিলেন, ‘এমন ক্রীড়াবিদ আর ভালো মানুষ দেখা যায় না। আবাহনীর ফুটবল ম্যাচে সবার আগে গ্যালারিতে পৌঁছাতেন। ম্যাচ জিতলে বুকে জড়িয়ে নিতেন। সবসময় ভালোমন্দ খবর নিতেন। অসাধারণ একজন মানুষ হারালাম আমরা।’