আমস্টারডামে গান্ধীর মূর্তি ভাঙচুর

আপডেট : ১৯ জুন ২০২০, ২১:২১

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছে। একই সঙ্গে মূর্তিটিতে লাল রং করে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার

এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছিল। আমস্টারডামের ঘটনাতেও বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান রয়েছে বিক্ষোভ। কয়েক দিন ধরে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ছাড়াও দেশটির বিভিন্ন স্থানে জোরালো বিক্ষোভ হয়েছে। এর মধ্যেই আমস্টারডামের চার্চিলান এলাকায় থাকা মহাত্মা গান্ধীর মূর্তিতে এক দল বিক্ষোভকারী ভাঙচুর চালান।

বুধবার ভাঙচুরের শিকার হওয়া মূর্তিটি দেখার পর ৭৫ বছরের এক বৃদ্ধ বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মূর্তি কাপড় দিয়ে ঘিরে দেয় তারা। পরে মূর্তিটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে খবর দেওয়া হয়। এরই মধ্যে মূর্তিটি পরিষ্কার করে পুরোনো অবস্থায় ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে।