নির্বাচনের টুকরো খবর

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা বুধবার উল্লাপাড়ায় ৯শ পিস ইয়াবাসহ জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সলঙ্গা থানা পুলিশ উপজেলার হাটিকুমরুল চেকপোস্টের পাশে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে। জহুরুল নওগাঁ জেলার সদর উপজেলার চকবুনাটি গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। সলঙ্গা থানার ডিউটি অফিসার আসাদুজ্জামান জানান, ওই মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে এসব মাদক বিক্রির জন্য নওগাঁ নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

পালরদী মডেল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদী পালরদী মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে। পালরদী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহন লাল সাহার সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ শেষে র্যালি বের করা হয়। পরে কলেজ চত্বরে আলোচনা সভা গভর্নিং বডির সভাপতি জামাল বাচ্চু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রভাষক রাজারাম সাহা, ইলিয়াস হোসেন প্রমুখ।

সামাজিক সেবা দিবস পালন

জয়পুরহাট প্রতিনিধি ‘সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটালাইজেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার প্রত্যন্ত অঞ্চল সদর উপজেলার ধলাহার ইউনিয়নে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ‘সমৃদ্ধি কর্মসূচির’ আওতায় আয়োজিত সামাজিক সেবা দিবস উদযাপন উপলক্ষে বের করা বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে ধলাহার ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার।

 মহাদেবপুরে শীতবস্ত্র বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা মহাদেবপুরে বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আইসিডিপি প্রকল্পের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার সদর ও হাতুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তা বিরোক এক্কা, প্রকল্প সুপারভাইজার ভবেষ উড়াও, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া প্রমুখ।

শিশু ছায়ার শীতবস্ত্র বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশু ছায়া’ বছরের প্রথম দিনে মঙ্গলবার বিকালে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শিশু ছায়ার সভাপতি সোহায়েব আহমেদ এবং সাধারণ সম্পাদক তোফায়েল খান সায়নের নেতৃত্বে একদল তরুণ গত পাঁচ বছর যাবত্ এই কাজ করছেন বলে তারা জানান। ‘মানুষ মানুষের জন্য’ এই মতাদর্শে বিশ্বাসী হয়ে তারা কাজটি করছেন বলেও উল্লেখ করেন তারা।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার নাসিরনগর উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

নাসিরনগর প্রেসক্লাবে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বোরহানউদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নোবেল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আবদুল মোতালিব, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সহ-সভাপতি আকতার হোসেন ভূঁইয়া প্রমুখ।

নলছিটিতে শেখ রাসেল আনন্দ

নিকেতন উদ্বোধন

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটির পূর্ব কুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য ‘প্রাক-প্রাথমিক শেখ রাসেল আনন্দ নিকেতন’ মঙ্গলবার বিকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হেমায়েত গাজী। বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আঃ মজিদ তালুকদার, প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. আনোয়ার হোসেন মাঝি, প্রধান শিক্ষক মাহমুদা বেগম প্রমুখ।

ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেনকে গণসংবর্ধনা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা  মঙ্গলবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ফরিদপুর-১ মধুখালী-বোয়ালমারি-আলফাডাঙ্গা আসনের নব নির্বাচিত আ’লীগ দলীয় এমপি মনজুর হোসেন বুলবুলকে মধুখালী উপজেলা আ’লীগ ও মহাজোট আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ লোকমান হোসেন খান, নবীজ ইন্টারন্যাশনাল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদুন্নবী মনি, রাজ্জাক জুট মিলের পরিচালক জিয়াউদ্দিন খান, টর্ক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মাঈনুদ্দিন মনির প্রমুখ।

‘দেশে উন্নয়ন হয়েছে বলেই নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়েছে’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামের বাজার মাঠে মঙ্গলবার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম এমপি বিপুল ভোটে বিজয়ী হওয়ার উপলক্ষে এক বিজয় সভা অনুষ্ঠিত হয়। আসাদ উল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. আক্তার হোসেন, স্থানীয় ইউপি মেম্বার জালাল উদ্দিন, এরশাদ উল্লাহ, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি মো. ওবায়দুল্লা,  আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি মো. তালেব হোসেন, ইউপি ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সবুজ প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা সবুজ মিয়া প্রমুখ।