সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

প্রধানমন্ত্রীকে ঢাকযুপের অভিনন্দন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ কোটালীপাড়া যুব পরিষদ (ঢাকযুপ)। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকযুপের সভাপতি টিপু সুলতান গণভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ঢাকযুপের সহ-সভাপতি রেজাউল করিম বিশ্বাস, সাধারণ সম্পাদক আসাদ বিশ্বাসসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল-৩ আসনের নবনির্বাচিত

এমপি টিপুকে সংবর্ধনা

বরিশাল অফিস ও মুলাদী সংবাদদাতা নবনির্বাচিত এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে মঙ্গলবার সন্ধ্যায় সংবর্ধনা দিয়েছে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাবাসী। বাবুগঞ্জ উপজেলা পরিষদে জাতীয় পার্টির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক বাবুল আকনের পরিচালনায় নবনির্বাচিত এমপি গোলাম কিবরিয়া টিপু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছি তা অবশ্যই বাস্তবায়ন করবো। এ সময় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

পাইকগাছায় সাংবাদিকদের

প্রতিবাদ সভা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার সাংবাদিকদের স্বাধীনতা-বিরোধী পক্ষের সাংবাদিক উল্লে­খ করে সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন প্রেসক্লাবের সাংবাদিকরা। উল্লে­খ্য, মঙ্গলবার কয়েকটি পত্রিকা ও বিভিন্ন অনলাইনে ‘পাইকগাছায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র অশোভন আচারণ’ সহ ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে সম্মিলিত সাংবাদিক জোটের বরাত দিয়ে উল্লে­খ করা হয় খুলনা-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে নির্বাচনের তথ্য সংগ্রহের জন্য স্বাধীনতা-বিরোধী পক্ষের সাংবাদিকদের কার্ড সরবরাহ করা হয়েছে। এর প্রতিবাদে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেমউদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর প্রমুখ। সভায় সাংবাদিকরা এ ধরনের বিভ্রান্তিকর প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকাশিত খবর প্রত্যাহারের দাবি জানান।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে বুধবার সকালে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সুলতানপুর রাধিকা ইয়াকুব নগরের চেয়ারম্যান বাড়িতে আড়াই হাজারেরও বেশি কম্বল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। এ উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক শাহজাহান খান, সাংবাদিক আল আমীন শাহীন প্রমুখ।

বগুড়া-১ আসনের এমপিকে মন্ত্রী করার দাবি

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নানকে মন্ত্রী করার দাবিতে বুধবার সোনাতলা উপজেলার মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেছেন। অস্থায়ী মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. রফিকুল ইসলাম সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নূরুল আনোয়ার বাদশা, মতিয়ার রহমান, কছিম উদ্দিন প্রমুখ।

‘বাংলাদেশের বিচার ব্যবস্থায় সমস্যা ও

সমাধানের পথ’ বইয়ের মোড়ক উন্মোচন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা বুধবার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এফএমএ রাজ্জাকের লেখা ‘বাংলাদেশের বিচার ব্যবস্থায় সমস্যা ও সমাধানের পথ’ নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আইনজীবী সমিতির মিলনায়তনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন সিনিয়র সহকারী জজ মো. সালাউদ্দীন আহম্মেদ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা, জিএ সবুর, মো. মহিউদ্দীন শেখ, লোকমান হোসেন, কিশোরী মোহন মণ্ডল প্রমুখ।

খুলনা-১ আসনে শান্তিপূর্ণ নির্বাচনে আট চেয়ারম্যানের অভিনন্দন

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা খুলনা-১ আসনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বুধবার প্রশাসনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলার আট চেয়ারম্যান। বিবৃতিদাতারা হলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান বুলু রানী রায়, বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান হাদী-উজ্জামান হাদী, সুরখালী ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, ভান্ডারকোট ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান গোলাম হাসান ও আমীরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন গোলদার।

ত্রিশালের সাংসদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের নব নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ত্রিশালের সাধারণ জনগণ। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল আমিন জানান, ত্রিশালের উন্নয়নের স্বার্থে ১৯৯৬ সালের উন্নয়নের রূপকার হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছে।