কেরানীগঞ্জের লকডাউন করা সাত ইউনিয়নে ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:০৯

কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০-এর কাছাকাছি পৌঁছায় স্থানীয় প্রশাসন ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে সাতটি রেড জোন ঘোষণা করেছে। এর আওতাভুক্ত এলাকায় আগামী ৩০ জুন পর্যন্ত সরকারি অফিসসহ সব ধরনের প্রতিষ্ঠানকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাত থকে রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ ও র?্যাবের পাশাপাশি সেনা সদস্যরা লকডাউন এলাকায় টহল জোরদার করেছে। জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, শাক্তা, কালিন্দী, কোন্ডা ও রোহিতপুর ইউপিকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। কলাতিয়া, বাস্তা ও তারানগর ইউনিয়নকে ইয়েলো জোন করা হয়েছে। এছাড়া হযরতপুর ও তেঘুরিয়া ইউনিয়নকে গ্রিন জোনের আওতায় রাখা হয়েছে। এদিকে শুক্রবারের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কেরানীগঞ্জে আরো ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এলাকায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের।

শুক্রবার সকাল থেকে রেড জোন এলাকায় লকডাউন কার্যকর করে সেনা সদস্যরা মাইকিং করে এলাকাবাসীকে লকডাউন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। তাছাড়া বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতুতে পুলিশ চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারিতে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, লকডাউনে থাকা বাসিন্দাদের চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতা দিতে এরই মধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও সেনা সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।