রূপগঞ্জ ইউনিয়নে চলমান লকডাউনে দায়িত্বরত স্বেচ্ছাসেবক জয়নাল ও নাদিমকে বৃহস্পতিবার রাতে চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টেকনদ্দা এলাকা থেকে ৩০ লিটার চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি রূপগঞ্জের গোয়ালপাড়া গ্রামে। এসময় অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ব্যপারে এসআই ফরিদ আহম্মেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পূর্বাচল উপশহর ও রূপগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
