মির্জাপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মধ্যে বিনা মূল্যে উন্নত জাতের ক্রসব্রিড বকনা গাভি, খাদ্য এবং গৃহনির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফউদ্দিন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম। এ সময় বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিলটন, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ডা. মো. রাজু আহমেদ এবং প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর লিটন সরকার উপস্থিত ছিলেন।
এর আগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ১৫ জন লাইফস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) মধ্যে বাইসাইকেল এবং মাসিক ভাতার নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।
