রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:১৩

রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত কামরুল হাসান টুটুল নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। গতকাল শুক্রবার নগরীর জাহাজঘাটে এ ঘটনা ঘটে। টুটুল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন।

আহত টুটুলের বড়ো ভাই মনিরুজ্জামান স্বপন জানান, তার ভাই টুটুল পেশায় রং মিস্ত্রি। করোনা পরিস্থিতিতে কাজ বন্ধ থাকায় গতকাল দুই যুবকের সঙ্গে তিনি পদ্মায় মাছ ধরতে যান। এ সময় জাহাজঘাট এলাকায় খোজাপুর এলাকার নাঈম, শিমুল ও রায়হান তার ভাইকে ছুরিকাঘাত করেন। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। স্বপন আরো জানান, তার চাচাতো ভাই সজলের সঙ্গে নাঈমের বিরোধ রয়েছে। কিন্তু ওই বিরোধে টুটুল নেই। তার পরেও তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতে করা হয়েছে। তার মাথা এবং হাতে বেশকিছু সেলাই পড়েছে। ঘটনার পর তিনি মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এখন হামলাকারীরা আবারও হামলার হুমকি দিচ্ছেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে।  তখন আসামিদের গ্রেপ্তার করা হবে।