জম্মু-কাশ্মীরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আট ‘জঙ্গি’ নিহত

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:৩২

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর দুটি অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে আট ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। পুলওয়ামা ও শোপিয়ানে বৃহস্পতিবার থেকেই এ অভিযানগুলো হয়। গতকাল শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া এই অভিযানে পুলওয়ামায় তিন ও শোপিয়ানে পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে জানান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও স্থানীয় নিরাপত্তা বাহিনী পুলওয়ামার পাম্পোরের মিজে এলাকার চারপাশ ঘিরে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে জঙ্গিরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড বন্দুকযুদ্ধ বাধে। জঙ্গি গোষ্ঠীর আরো দুই সদস্য কাছাকাছি একটি মসজিদের ভেতর আশ্রয় নিয়েছে জানতে পেরে সারা রাত মসজিদটি ঘিরে রাখা হয়। শুক্রবার সকালে জঙ্গিদের বের করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। কিন্তু তারা বের হয়ে পালটা গুলি শুরু করে। এই অভিযানে তিন জঙ্গি নিহত হয়। কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার জানান, মসজিদের পবিত্রতা রক্ষার স্বার্থে সেখানে গুলি কিংবা বোমা ছোড়া হয়নি। ভেতর থেকে সন্ত্রাসীদের বের করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়েছে। অপরদিকে শোপিয়ানের মুনান্দ-বান্দপাভা এলাকায় শুরু হওয়া অপর অভিযানে শুক্রবার        সকাল পর্যন্ত পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয়, কিংবা তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা জানা যায়নি।—হিন্দুস্তান টাইমস