চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মেম্বারের বাড়িতে হামলা-লুটপাট

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:৩৫

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও চুরি-ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় চিহ্নিত সন্ত্রাসীরা এক ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামে ইউপি মেম্বার রফিকের বাড়িতে এ ঘটনা ঘটে। মেম্বারের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখিত ৯ জন হলেন—বাকগ্রামের মো. ফারুক, মো. রিপন, আলাউদ্দিন, নিজাম উদ্দিন, মো. সোহেল, সেলিম, ইসমাইল, মো. শাহিন ও মো. হাবিব।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে বাকগ্রামের ইসমাইল ও শাহিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় মাদক ব্যবসা করছে। মানুষের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ইউপি মেম্বার মো. রফিক তাদেরকে মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাইল ও শাহিন মোবাইল ফোনে মেম্বার রফিকের ছেলেকে হত্যার হুমকি দেয়। সোমবার রাতে উল্লেখিত দুই জনসহ অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ইউপি মেম্বার রফিকের বাড়িতে প্রবেশ করে এবং বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে রফিক ও তার ছেলেকে খুঁজতে থাকে। তাদেরকে না পেয়ে সন্ত্রাসীরা মেম্বার রফিকের স্ত্রী ও মেয়ের গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এছাড়াও হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, টিআর কাজের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ১০ হাজার টাকাসহ আরো কিছু নগদ টাকা নিয়ে যায়।

মেম্বার রফিকের বাড়িতে হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখিত ৯ জনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র্যাবের প্রতি আহ্বান জানিয়েছে এলাকার মানুষ।