জাতির জনককে নিয়ে কটূক্তি

বড়লেখায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:৩৫

বড়লেখায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের অনেক মন্ত্রী ছাড়াও জাতির জনককে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচারসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদী হয়ে এ মামলা করেন। মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার আসামিরা হলেন—মো. দেলোয়ার হোসেন, রুমেল আহমদ, মুহিবুর রহমান, সৈয়দ আদনানুল হক ও আসুক আহমদ। সবার বাড়ি বড়লেখা উপজেলায়। এ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা গত ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে রাষ্ট্র, সরকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের চেতনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে মিথ্যা, বিভ্রান্তিমূলক স্ট্যাটাস, ভিডিও আপলোড ও শেয়ার করেছেন। এতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সিলেটের সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে ফেসবুকে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস, ভিডিও আপলোড ও শেয়ার করার অভিযোগ আছে। এর প্রতিবাদে সোমবার বড়লেখা উপজেলার দক্ষিণভাগে বড়লেখা উপজেলা যুবলীগ-ছাত্রলীগ পথসভা করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মুঠোফোনে জানান, মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।’