নারীর গৃহস্থালি কাজের মর্যাদা বৃদ্ধিতে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান

আপডেট : ১৯ জুন ২০২০, ২২:৪০

দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায় চিহ্নিত করতে হবে। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে সবাইকে একযোগে কাজ করা জরুরি। গত বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তর আয়োজিত কর্মশালার বক্তাগণ এমন অভিমত ব্যক্ত করেন।

অধিদপ্তরে অনুষ্ঠিত ‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উত্সাহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালকসহ অন্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের গবেষণা ও প্রকাশনা উপ-পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।

মূলপ্রবন্ধে বলা হয়, টেকসই উন্নয়ন এসডিজির অভীষ্ট লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে সরকার বদ্ধপরিকর। যা বাস্তবায়নে ইতিমধ্যে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক দায়িত্ব বন্টনের পথনকশা প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে নারীর মজুরিবিহীন গৃহস্থালি কাজের মূল্যায়ন ও মর্যাদা এখনো স্বীকৃত নয়। তবে বর্তমানে সারা বিশ্বে মজুরিবিহীন গৃহস্থালি কাজের মূল্যায়ন শুরু হয়েছে। বাংলাদেশে নারী ও পুরুষ উভয়ই মজুরিবিহীন কাজে নিয়োজিত থাকলেও নারীদের সংখ্যাই বেশি। ‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর।