গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর মহানগরীতে করোনা ভাইরাসে আক্রান্ত এলাকাসমূহ চিহ্নিত করা হচ্ছে। কোন ওয়ার্ডে কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা কত তা স্বাস্থ্য বিভাগের লোকজনদের নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। লকডাউন করার আগে স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, সরকারের স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গাজীপুর সিটিতে কোথাও লকডাউন করা হলে তা ৪৮ থেকে ৭২ ঘন্টা আগে এলাকাবাসীকে মাইকিং করে ও বিভিন্ন প্রচার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। লকডাউনের কথা বলে কোনো ব্যবসায়ী যেন নিত্যপণ্য মজুদ ও মূল্য বৃদ্ধি না করেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করে যাব। তিনি নগরবাসীকে ধৈর্য ধারণ করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। নগরবাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে জনগণের স্বার্থে যা যা করা দরকার সবাইকে সঙ্গে নিয়ে তা করা হবে।
তিনি শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় নগরবাসীর প্রতি এ আহ্বান জানান।
