করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের আত্মার মাগফেরাত ও চিকিত্সাধীন সবার সুস্থতা কামনা করে আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সারাদেশে ও প্রবাসে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিসহ চিকিত্সাধীন সব নেতাকর্মী এবং করোনা ভাইরাসে আক্রান্ত সবার সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে তারা সবাই মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি প্রমুখ।
