সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে। চুরি তো রয়ে সয়ে হয়। নির্বাচন কমিশন ও সরকার মিলেমিশে এ ভোট ডাকাতি করেছে। এমন নির্বাচন জীবনেও দেখিনি। গতকাল বুধবার আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন।
বার সভাপতি বলেন, আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারবে না। আমি কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ৯০ শতাংশ এলাকায় নির্বাচনের আগের রাতে পুলিশ ব্যালট বাক্স ভরাট করেছে, এজেন্টদের গুলি করার ভয় দেখিয়েছে, গ্রেফতার করেছে। এমনকি ভোটের পূর্ব মুহূর্তে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তিনি বলেন, যে নির্বাচন দেশ ও জাতি গ্রহণ করেনি, সেটাকে কোনো নির্বাচন বলা যায় না। সংবিধানের অভিভাবক হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এ নির্বাচন বাতিল করার দাবি জানাচ্ছি। এ নির্বাচনে গণতন্ত্র ও সংবিধান পরাজিত হয়েছে, স্বৈরতন্ত্র জয়ী হয়েছে।
সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এবারের সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকার দেশের জনগণ ও সংবিধানের সাথে প্রতারণা করেছে। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে।
