নাফীসের পর মাশরাফি-অপু

আপডেট : ২০ জুন ২০২০, ২০:৩৬

স্পোর্টস রিপোর্টার

দুই জনে একই সঙ্গে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন। এখন করোনা দুই জনকে আবার মিলিয়ে দিল। করোনা ভাইরাসে আগেই আক্রান্ত হয়েছেন সাবেক জাতীয় দলের তারকা নাফীস ইকবাল। গতকাল সেই পথে জাতীয় দলের সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গতকালই করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। তিনি করোনার শুরু থেকে বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করে দুস্থদের সহায়তা করছিলেন। এর মাঝে নরসিংদী গিয়েছিলেন ত্রাণ দিতে। তারপরই তিনি আক্রান্ত হন।

মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার ছোটো ভাই মোর্সালিন বিন মুর্তজা। তিনি বলেছেন, শুক্রবার জ্বর ও গায়ে ব্যথা অনুভব করার পর পরীক্ষা করাতে দেন মাশরাফি। গতকাল সকালেই জানা গেছে, তিনি এই ভাইরাসে আক্রান্ত। আপাতত নিজের বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি।

করোনা সংক্রমণের শুরু থেকে সংসদ সদস্য ও ক্রিকেটার হিসেবে একের পর এক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মাশরাফি। এলাকায় আক্রান্তদের জন্য, চিকিত্সকের জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। সে জন্য প্রশংসিতও হয়েছেন। এই সময়টা চুপ করে বসেছিলেন না তিনি।

এর মধ্যে মাশরাফির শ্বশুর বাড়ির একাধিক সদস্য করোনায় আক্রান্ত হন। তাদেরকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছিল। আর এরই এক পর্যায়ে মাশরাফিরই আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

ওদিকে বাংলাদেশের টেস্ট সেঞ্চুরিয়ান নাফীস ইকবাল আক্রান্ত হয়েছেন অন্তত ১০ দিন আগে। তিনিও নানা রকম স্বেচ্ছাসেবার কাজ করছিলেন। তারই এক পর্যায়ে আক্রান্ত হন এই সাবেক জাতীয় ক্রিকেটার। তবে তিনি এখন সুস্থ আছেন বলেই জানিয়েছেন।

গতকাল নিজের অবস্থা বলে নাফীস ইকবাল বলেছেন, ‘আমি ১০ দিন আগে আক্রান্ত হয়েছি। এখন মোটামুটি সুস্থ আছি। ঘরেই চিকিত্সা নিচ্ছি। কোনো রকম জটিলতা নেই। সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন।’