সোহেল সারোয়ার চঞ্চল
এই মুহূর্তে হকি সচল হবার কোনো সুযোগ দেখছে না ফেডারেশন। সারা দুনিয়া যেখানে প্রায় অচল, মানুষের জীবন যেখানে বিপন্ন, প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি জীবন, জীবিকা যেখানে অন্ধকারাচ্ছন্ন সেখানে হকি মাঠে ঝাঁপিয়ে পড়ার কোনো সুযোগ দেখছে না হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার। ক্রিকেট ফুটবল ভার্চুয়াল কার্যক্রম শুরু করেছে। হকি কি করতে চায় তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। রশিদ সিকদার দেশ এবং বাইরের দেশগুলোর পরিস্থিতি তুলে ধরলেন। এই জুনেই জুনিয়র বিশ্বকাপের বাছাই, এশিয়া কাপ হকি হওয়ার কথা ছিল ঢাকায়। সেটি করোনা ভাইরাসের ঝড়ে উড়ে গেছে। কোথায় গেছে তা বলা কঠিন। তবে এই বছর সেটি হওয়ার কোনো সুযোগ দেখছে না ফেডারেশন। রশিদ সিকদার কারণটা বললেন, ‘আমরা আয়োজন করতে চাইলেই হবে না। যারা খেলবে তাদের কি অবস্থা সেটা বড়ো বিবেচ্য বিষয়।’ যৌক্তিকতা তুলে ধরেই কথা বললেন এশিয়ান হকি ফেডারেশনের বাংলাদেশি এই কর্মকর্তা। ‘বাংলাদেশের করোনার পরিস্থিতি যদি আজকে সকালেই ১০০ ভাগ ভালো হয়ে যায় কিন্তু অন্যান্য দেশের পরিস্থিতি উলটো তখন কি অন্যান্য দেশ অংশগ্রহণ করবে— বললেন রশিদ সিকদার।
করোনা ভারাইসের কারণে অনেক বড়ো ক্ষতিই হয়ে গেছে বাংলাদেশ হকি ফেডারেশনের। এ বছর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। চলতি জুনে জুনিয়র এশিয়া কাপ এবং নভেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি। মর্যাদার এই দুটি টুর্নামেন্টই অন্ধকারে। কথাটা নিয়ে আপত্তি করলেন রশিদ সিকদার। বললেন, ‘টুর্নামেন্ট কবে হবে তা নিয়েই দুশ্চিন্তা। জুনিয়র এশিয়া কাপের জন্য আমরা টাকা জমা দিয়ে রেখেছি। আর চ্যাম্পিয়ন্স কাপও আমরা পাব। আশার প্রদীপ আমরা জ্বালিয়ে রেখেছি। এশিয়ান হকি ফেডারেশন আমাদের সঙ্গে কথা বলেই সবকিছু ঠিকঠাক করবে। সেটা নিয়ে ভাবছি না। নভেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার থাকলেও সেটি হবে না। যদি হয়ও সেটা জুনিয়র এশিয়া কাপ হবে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। জুনিয়র এশিয়া কাপেরও কোনো লক্ষণ নেই। কারণ টুর্নামেন্ট হতে হলে তিন-চার মাস আগ থেকে প্রস্তুতি নিতে হবে। আর অন্যান্য দেশের প্রস্তুতিও থাকতে হবে। আমরা তো চোখের সামনেই দেখছি করোনা পরিস্থিতিতে ভারত পাকিস্তানের কি অবস্থা। তা ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে এশিয়ান হকি ফেডারেশন হতেও কোনো গাইড লাইন পাইনি আমরা।’
আন্তর্জাতিক হকির দুয়ার বন্ধ, ঘরোয়া হকি আরো আগেই অন্ধকারে ডুবে আছে। ভবিষ্যত্ কি হবে? হকি ফেডারেশনের এই কর্মকর্তা জানালেন হকির সবই তো বন্ধ। জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ আহমেদ শিতুল বললেন, ‘লিগটা দরকার। দুই বছরের বেশি হবে লিগ হয় না। এবছরও যদি না হয় তাহলে আমাদের ভবিষ্যত্ আরো অন্ধকারে ডুববে।’
