মাজনুন মিজান। অভিনেতা হিসেবে পরিচিত হলেও নানাভাবে আত্মপ্রকাশ করেছেন তিনি। সম্প্রতি নির্মাণ করলেন একটি বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। এছাড়া লকডাউনের পর থেকে নিয়মিত শুটিং করছেন তিনি। সার্বিক এই বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
প্রায় দু-মাস বিরতির পর আবার শুটিং শুরু হয়েছে। আপনার কাজের ব্যস্ততা প্রসঙ্গে শুরুতে জানতে চাই—
আমি চলতি মাসের শুরু থেকেই কাজে ফিরেছি। এরমধ্যে নাটকের শুটিং করেছি, বিজ্ঞাপন করেছি। এছাড়া আবারও নির্মাণে ফিরেছি। সরকারি দুটি প্রজেক্ট নিয়ে কাজ করলাম। দুটি বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি। এগুলো শিগগিরই বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু হবে।
অভিনয়ের পাশাপাশি নির্মাণের কাজটা কবে শুরু করেন?
খুব বেশি দিন নয়। এর আগে আমি দুটি কাজ করেছিলাম। এরমধ্যে একটি নাটক ছিল। এরপর এবার এই কাজগুলো করলাম। ডিরেকশন দেওয়ার ইচ্ছাটা আরও আগে থাকলেও সাহস করা হচ্ছিল না। কারণ এত দায়িত্ব নিয়ে এরপর ঠিকঠাক ডিরেকশন দেওয়াটা কঠিন। তবে আনন্দ নিয়ে কাজটা করা। আর কাজে ভালোবাসা থাকলে সেটি ভালো হবে। সেই বিশ্বাস থেকেই কাজ করি। সরকারের পক্ষ থেকে এবার জড়ায়ু ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করেছি। এই সমস্যায় আমাদের আশেপাশে অনেকে ভোগেন। হয়তো না জেনে অনেকে অসচেতন থাকেন। কাজটি করে শুধু একটি কাজই করা হলো না, নিজের দায়িত্ববোধটাকে কাজে লাগাতে পেরেছি মনে হয়।
শুটিং শুরু নিয়ে অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন। আবার অনেক তারকা শুটিং করার পর তাদের নেতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আপনিও বেশ কয়েকটি কাজ করলেন। শুটিংসেটে আপনার অভিজ্ঞতা বলুন—
স্বাস্থ্যবিধি মানা নিয়ে কোনো সমস্যায় আমাকে পড়তে হয়নি। আমি নাটক করেছি। সেখানে যথেষ্ট সচেতনতা নিয়ে কাজ হয়েছে। আমার কাজগুলোও সেভাবেই করেছি। এখন এমন হচ্ছে না তা না। যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ জীবন সবার আগে। কাজ করাটা যেমন প্রয়োজন তেমনি সচেতনতা সবার আগে প্রয়োজন।
