ভুয়া ছবি ভাইরালে বিব্রত আনুশকা

আপডেট : ২০ জুন ২০২০, ২০:৪১

বিনোদন ডেস্ক

 

 লকডাউনে অনেকদিন একসঙ্গেই রয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। আর তাই সকলের মনেই ঘুরছে এক প্রশ্ন, সুখবর কী কিছু পাওয়া যেতে পারে, কবে পরিবার পরিকল্পনা করছেন ইত্যাদি। বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের বয়স মাত্র আড়াই বছর। দু’জনই ব্যস্ত তাদের কাজের জগতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আনুশকা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ পাতাল লোক। নেটফ্লিক্সে মুক্তির পথে তার পরবর্তী ওয়েব সিরিজ বুলবুল। পাতাল লোক যেমন অভূতপূর্ব সাফল্য পেয়েছে তেমনি অনেক জায়গায় মামলা দায়ের হয়েছে আনুশকার বিরুদ্ধে। অনেকে দাবি তুলেছিল বিরাটের আনুশকাকে ডিভোর্স দেওয়া উচিত। এরইমাঝে চাউর হয়ে যায় সম্পর্কে নাকি ভাঙন ধরেছে বিরুষ্কার। কিন্তু শত্রুর মুখে ছাঁই দিয়ে তারা জানিয়েছেন দু’জনের মধ্যে কোনোরকম সমস্যা নেই। খুব ভালো আছেন তারা। একসঙ্গে ভিডিও পোস্ট করছেন। এবার গুজব ছড়ালো আনুশকার বেবিবাম্প নিয়ে। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয় একটি ছবি। আর তারপরই সকলের মনে একই প্রশ্ন—তাহলে সত্যিই কী স্বপ্ন পূরণ হতে চলেছে ফ্যানেদের? কিন্তু ভাইরাল হওয়া এই ছবিটি ভুয়া। জেনেলিয়া আর রীতেশ দেশমুখ এই ছবি তুলেছিলেন। সেখানেই এডিট করে বসানো হয়েছে বিরাট-আনুশকার মুখ। আনুশকার বেবিবাম্প নিয়েও আগেও এ রকম গুজব ছড়িয়েছে।