তানোর (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর-তানোর সড়কে ছোটো-বড়ো গর্তে বেহাল দশা। পিচ উঠে গিয়ে খানাখন্দ রাস্তায় হরহামেশায় ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। রাস্তাটি দিয়ে এখন চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তারপরেও জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন শতাধিক যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক ও ট্রলিসহ যানবাহন চলাচল করছে। প্রতিদিন এই রাস্তা দিয়েই রাজশাহী থেকে তানোরে গিয়ে অফিস করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কার করা হচ্ছে না। স্থানীয়রা জানান, কাশিমবাজার থেকে আকচা উচ্চবিদ্যালয় ও কালিগঞ্জ বাজার থেকে বড়শো রাস্তাটি খানাখন্দে ভরা। প্রায়ই ঘটছে ছোটো-বড়ো দুর্ঘটনা। রাস্তাটি আশু সংস্কারের প্রয়োজন। সম্প্রতি রাস্তার চাঁন্দুড়িয়া হাড়দহ সিলিমপুর এলাকায় একটি ট্রাকের চাকা পুঁতে যায়। এতে রাস্তার দুই পাশে বেশ কিছু যানবাহন আটকে থাকে। সড়ক ও জনপদ বিভাগের উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, কিছু রাস্তার টেন্ডার হয়ে আছে। কিন্তু করোনার জন্য বর্তমানে কাজ বন্ধ আছে। বাকি রাস্তাগুলোর চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংস্কারের অনুমতি পেলেই টেন্ডারের মাধ্যমে দরপত্রের আহ্বান করা হবে।
