বগুড়ায় অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধার

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৪৩

গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনা আইসোলেশন সেন্টার মোহাম্মাদ আলী হাসপাতাল থেকে চুরি হওয়া অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিরা লাল, শান্তপলি ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম ও একই ক্লিনিকের কর্মচারী ঠান্ডু মিয়া।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম রবি জানান, শুক্রবার হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিরা লাল দুটি সিলিন্ডার থেকে মিটার চুরি করে শহরের শান্তপলি ক্লিনিকের ম্যানেজারের কাছে বিক্রি করে দেন। শুক্রবার রাতেই ঐ ক্লিনিক থেকে চুরি যাওয়া মিটার দুটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, হাসপাতালের আরএমও ডাক্তার শফিক আমিন কাজল থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে মামলার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।