ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নিখোঁজের একদিন পর সিয়াম নামে ছয় বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় একটি পাট খেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের টাইলস মিস্ত্রি জায়েদুল হকের ছেলে।
নিহতের বাবা জায়েদুল হক জানান, শুক্রবার বিকাল থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিল না। এদিন দুপুরে বাড়ির ৫০ গজ দূরে সলিমুদ্দিনের পাট খেতে পাতা তুলতে গিয়ে স্থানীয় কিশোর আসলাম ও রাসেল তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে অন্যদের জানায়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হবে।
