ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে জরিমানা

আপডেট : ২০ জুন ২০২০, ২১:৪৫

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক্সাভেটর মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত হলেন পাবনার আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বাবু হোসেন (৪৫)।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া ভায়রার মোড়ে অভিযান চালান। এ সময় জমির মালিক, মাটি কাটার ঠিকাদার পালিয়ে গেলেও বাবু হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এলাকাবাসী জানায়, ছাইকোলার মোতালেব-আনিস গং দীর্ঘদিন ধরে আটঘরিয়া এলাকা থেকে ভেকু মেশিন ভাড়া করে এনে ফসলি জমি কেটে পুকুর খনন করছে।