যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে দক্ষিণ এশীয় মানুষদের মৃত্যুঝুঁকি খুব সম্ভবত সবচেয়ে বেশি। বড়ো ধরনের একটি গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, যুক্তরাজ্যের ২৬০টি হাসপাতালে ভর্তি হওয়া ৩৫ হাজার করোনা রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, শ্বেতাঙ্গদের চেয়ে দক্ষিণ এশিয়া থেকে আসা লোকদের করোনায় মৃত্যুঝুঁকি ২০ শতাংশ বেশি। গবেষণায় যুক্ত বিশেষজ্ঞরা বলেছেন, গবেষণায় অন্তর্ভুক্ত দক্ষিণ এশীয় রোগীদের ৪০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যা তাদের মৃত্যুঝুঁকি বৃদ্ধির ‘গুরুত্বপূর্ণ কারণ’ হিসেবে কাজ করে। খবর দ্য গার্ডিয়ানের।
গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীদের তথ্য এবং পরবর্তী সময়ে ২২ মে তাদের ফলোআপ তথ্য সংগ্রহ করে এই গবেষণা করা হয়। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকেরা এই গবেষণা পরিচালনা করেন। গবেষণায় দেখা গেছে, রোগের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি। তবে শ্বেতাঙ্গদের তুলনায় অন্যান্য জাতিগোষ্ঠীর রোগীদের ক্ষেত্রে নিবিড় চিকিত্সাসেবা এবং ভেন্টিলেটরের প্রয়োজন বেশি ছিল। শ্বেতাঙ্গদের চেয়ে ২৮ শতাংশ বেশি নিবিড় চিকিত্সাসেবা দিতে হয়েছে দক্ষিণ এশীয় লোকদের। শ্বেতাঙ্গদের চেয়ে দক্ষিণ এশীয়দের মৃত্যুঝুঁকি ২০ শতাংশ, কৃষ্ণাঙ্গদের ৫ শতাংশ বেশি ছিল।
ব্রিটেনের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ দক্ষিণ এশীয়। এই গবেষণাটি জনস্বাস্থ্য বিষয়ক নীতিমালা করতে বেশ কাজে দেবে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়। সেখানে বলা হয়, ‘রোগের প্রতিরোধ, চিকিত্সায় এবং সম্ভাব্য ভ্যাকসিন নীতির ক্ষেত্রে ভিন্ন জাতিগোষ্ঠীর এই বিষয়টিকে বিবেচনা করা উচিত।’
