রূপগঞ্জে টিআর ও কাবিটায় অনিয়মের প্রতিকার দাবি

আপডেট : ২০ জুন ২০২০, ২২:০৫

জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টেস্টরিলিফ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রদানের অনিয়মের প্রতিকার চেয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল শনিবার রূপগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, প্রকল্প কমিটি, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী মানিক।

লিখিত বক্তব্যে বলা হয়, রূপগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত টিআর ও কাবিটা প্রদানে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে। বরাদ্দকৃত অর্থের ১০ ভাগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম নিজ হাতে কেটে রাখতেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, কবরস্থানসহ গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়ণ প্রকল্পে বরাদ্দ থেকে একই নিয়মে উেকাচ হিসেবে অফিস খরচ দেখিয়ে তিনি এ অর্থ আদায় করতেন। এ অভিযোগে গত ১৮ জুন উপজেলা কমপ্লেক্স চত্বরে জনপ্রতিনিধিগণ প্রতিবাদ ও মানববন্ধন করেন। পরে তাত্ক্ষণিকভাবে রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শীলা রাণী পাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা মুন্সি আব্দুল মান্নান, যুব মহিলা লীগ নেত্রী ফেরদৌসী আক্তার, সেলিনা আক্তার রিতা প্রমুখ।