এই সময়ের ছড়া
শ্যামলী বিনতে আমজাদ
খোকার পায়ে বিঁধলে কাঁটা বাবার বুকে লাগে,
চলতে পথে হোঁচট খেলে মা আসে ফের আগে।
কী খাবে সে? ভাত না রুটি? তার সাথে ডিম ভাজা?
সবজি, ছোলা, মাংসভুনা, ফল খাবে সে তাজা।
এসব জোগাড় করতে বাবার বছর কেটে যায়,
নিজের জামা হয় না কেনা, ছেঁড়া জুতো পায়।
বাবা নামের বৃক্ষছায়ায় হচ্ছে বড়ো খোকা,
বইছে বাতাস বিষাক্ত এক, যায় কি তাকে রোখা?
এই বাতাসের মরণফাঁদে পড়ল খোকা তাঁর,
হসপিটালে শুরু জীবন-মরণ সমাচার।
খোকার মাকে চিকিত্সকে বুদ্ধি দিলেন ফ্রিতে,
খুব দ্রুত কুয়েত-মৈত্রী হাসপাতালে নিতে।
খোকার এমন রোগ হয়েছে যায় না ছোঁয়া তাকে,
অ্যাম্বুলেন্সে তোলার মতো একটা বাবাই থাকে।
জীবনটা নয় তুচ্ছ খোকা, বলেন উঁচু স্বরে—
সাহস রাখো মনে বাছা—যায়নি বাবা মরে।
