করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরো অন্তত চার জনের মৃত্যু ঘটেছে।
নড়াইল প্রতিনিধি ও কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে শনিবার সকালে মারা গেছেন নড়াইলের কালিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ও পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিমল কুমার রায় (৫০)। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা জানান, করোনা পরীক্ষার জন্য মৃত বিমল রায়ের দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৫৭) শুক্রবার রাতে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। তার দেহের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট এখনো আসেনি।
খুলনা অফিস জানায়, গৃহবধূ আলেয়া বেগম (৪০) করোনা উপসর্গ নিয়ে শনিবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তার দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ মোহাম্মদ ইব্রাহিম (৭৫) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। তিনি উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের করপাতি গ্রামের মৃত আলী আরশাদের ছেলে।
