৯৯৯ এ কল পেয়ে হাওরে নিখোঁজ তিন ছাত্রকে উদ্ধার করল নৌ পুলিশ

আপডেট : ২০ জুন ২০২০, ২২:৪৩

কিশোরগঞ্জের ফিরোজা মেডিক্যাল ইনস্টিটিউটের তিন ছাত্রকে করোনার সময়ও নদী এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দিয়ে ডেকেছিল। তাদের প্রস্তুতি ছিল হাওরের সৌন্দর্য এলাকা শিংপুর যাওয়ার। এ জন্য তারা শুক্রবার রাতে নৌকা ভাড়া করে যাত্রা শুরু করে। কিন্তু বিপত্তি ঘটে করিমগঞ্জের ধনু নদীর মাঝখানে। তাদের বহনকারী নৌকাটি নষ্ট হয়ে যায় এবং পথও হারিয়ে ফেলে তারা। এমন সময় তাদেরই একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানায় যে তারা হাওরে ভ্রমণ করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। জরুরি সেবা কল পাওয়ার পরই সেটি জানিয়ে দেওয়া হয় নৌ-পুলিশের কাছে। এরপর নৌ-পুলিশ অভিযান শুরু করে। দীর্ঘ সময় পরে শুক্রবার গভীর রাতে অবশেষে উদ্ধার হয় ভ্রমণে পথভোলা তিন যুবক। উদ্ধারকৃতরা হলেন—মোখলেস (২১), শিপন মিয়া (২১) ও ইয়াসিন (১৯)। ঐ তিন তরুণকে নিরাপদে তাদের বাবা-মা ও আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করে নৌ-পুলিশ।