বেসরকারি হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২০, ০০:১৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। করোনা মোকাবিলায় সকলের অবদান থাকতে হবে, সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকল সরকারি-বেসরকারি হাসপাতাল একযোগে কাজ করলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই করোনাকে দেশ থেকে বিদায় জানাতে পারব।

গতকাল শনিবার বিকালে রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়নাল আবেদিন শিকদার উইমেন মেডিক্যাল কলেজ গুলশান শাখাকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শিকদার মেডিক্যাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জয়নাল আবেদিন শিকদার মেডিক্যাল কলেজটি একটি উন্নতমানের হাসপাতাল। এখানে মোট ৫০টি বেড ও আইসিইউ, সিপিইউ মিলে ২১টি ইউনিট রয়েছে যা করোনা চিকিত্সায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষাও করা হবে যা এই এলাকার মানুষের করোনা পরীক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

শিকদার গ্রুপের পরিচালক সংসদ সদস্য পারভীন হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অন্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়োর সঙ্গে করোনা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী করোনা চিকিত্সায় কোনো ধরনের ভ্যাকসিন চীন আবিষ্কার করতে সক্ষম হলে তা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে প্রেরণ করার অনুরোধ জানান।