ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই

আপডেট : ২১ জুন ২০২০, ০৯:২০

ব্রাজিলে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ২২ জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৯ হাজার ৯৭৬ জন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

গত ফেব্রুয়ারির ২৬ তারিখে ব্রাজিলে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।  ব্রাজিলে গত ১৯ জুন করোনা আক্রান্ত রোগীর সংখা ১০ লাখ ছাড়ায়। বিশেষজ্ঞরা দাবি করছেন, ব্রাজিলে করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের চেয়ে আরো অনেক বেশি। পর্যাপ্ত টেস্ট না করানোয় ব্রাজিলে করোনা ভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে।  

এমন পরিস্থিতির মধ্যেও ব্রাজিলে এখন কোনো স্থায়ী স্বাস্থ্যমন্ত্রী নেই। গত এপ্রিলে ব্রাজিলে দুই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন।  করোনাকালে লকডাউনের বিরুদ্ধে কথা বলে সমালোচিত হয়েছেন   ব্রাজিলে প্রেসিডেন্ট জাইর বলসোনারো।  এছাড়া করোনা মোকাবেলায় তার গৃহীত পদক্ষেপেরও সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। 

ইত্তেফাক/ এআর