কুমিল্লার মনোহরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত লৎসর গ্রামের এনায়েত উল্ল্যা (৫৫) ও ভাউপুর গ্রামের আব্দুল আউয়াল (৫৫) এর রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
এ উপজেলায় নতুন করে মৃত দুইজনসহ ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৩ জন। বর্তমানে ২১ জন সুস্থ রয়েছেন।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নে ৫ জন, মৈশাতুয়া ইউনিয়নে ৩ জন, খিলা ইউনিয়নে ৪ জন, নাথেরপেটুয়া ইউনিয়নে ২ জন, ঝলম (দঃ) ইউনিয়নে ১ জন, লক্ষণপুর ইউনিয়নে ২ জন, সরসপুর ইউনিয়নে ১ জন ও ১ জন পল্লী বিদ্যুৎ কর্মী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সাথে কথা হলে তিনি জানান, করোনা শনাক্তের পর বাড়িগুলো লকডাউন করা হয়েছে এবং আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। ইউএনও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
ইত্তেফাক/এমআরএম
